ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউরা সবার আগে এই কার্ড নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে সেই কার্ড নেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে, এমপির ছেলে, মেয়ে এমনকি শালীও সারের ডিলার পেয়েছেন। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে। তিনি বলেন, এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে জেন-জি জেনারেশন যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করবে বলে তিনি প্রত্যাশা করেন।


চুয়েটের ভিসির প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, চুয়েটের ভিসি একজন গুন্ডা। শিক্ষার্থীরা যেমন তাকে চায় না, শিক্ষকরাও চায় না। তিনি এতদিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে তাকে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা ও ব্যক্তিত্ব নেই। আমাদের এসব মানুষকে প্রতিরোধ করতে হবে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার প্রমুখ।


এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑